ওপেনএআই ও মাইক্রোসফটের বিরুদ্ধে শতকোটি ডলারের মামলা

২৮ ডিসেম্বর, ২০২৩ ০১:০৮  

কপিরাইট ইস্যুতে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির মালিকানা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে শতকোটি ডলারের মামলা করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। বুধবার (২৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল আদালতে এ মামলা করে সংবাদপত্রটি। তাদের অভিযোগ, চ্যাট জিপিটির সিস্টেমকে প্রশিক্ষণ দিতে কপিরাইট আইন লঙ্ঘন করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র খবরে প্রকাশ, মামলায় শতকোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছে নিউইয়র্ক টাইমস। মামলার বিষয়ে ওপেনএআই ও মাইক্রোসফটের কাছে মন্তব্য জানতে চেয়েছে বিবিসি। তবে সাড়া মেলেনি।

মামলার নথির তথ্য অনুযায়ী, গত এপ্রিলে নিউইয়র্ক টাইমস তার কপিরাইট বিষয়ে মাইক্রোসফট ও ওপেনএআইয়ের কাছে একটি আপসরফা চেয়েছিল। কিন্তু তা ব্যর্থ হয়।

মামলায় দাবি করা হয়, চ্যাটজিপিটিকে করিতকর্মা বানাতে নিউইয়র্ক টাইমস প্রকাশিত লাখ লাখ নিবন্ধ সংবাদমাধ্যমটির অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। চ্যাটজিপিটি এখন তথ্যের একটি বিশ্বস্ত উৎস হিসেবে নিউইয়র্ক টাইমসের সঙ্গে প্রতিযোগিতা করছে।

মামলার অভিযোগে বলা হয়, বর্তমান ঘটনাবলি সম্পর্কে জানতে চাইলে চ্যাটজিপিটি কখনো কখনো নিউইয়র্ক টাইমসের নিবন্ধগুলো থেকে ‘শাব্দিক উদ্ধৃতি’ তৈরি করবে। অথচ এই তথ্য বিনা পয়সায় (সাবস্ক্রিপশন) পাঠককে পড়তে দেয় না নিউইয়র্ক টাইমস।

অভিযোগে বলা হয়, চ্যাটজিপিটি যে কাজ করছে, তার মানে হলো, পাঠকেরা অর্থ প্রদান ছাড়াই নিউইয়র্ক টাইমসের আধেয় পেতে পারেন। এর অর্থ, নিউইয়র্ক টাইমস সাবস্ক্রিপশনের পাশাপাশি বিজ্ঞাপনে পাঠকের ক্লিক থেকে আয় হারাচ্ছে।